গাজীপুর প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় গাজীপুরে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের জানাকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবুল হোসেন খান (৪০) গাজীপুরের জয়দেবপুর থানার জানাকুর এলাকার মৃত হাসমত আলীর ছেলে।
জয়দেবপুর থানার এসআই বিশ্বজিত্ মিত্র জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধানকে নিয়ে ফেসবুকে কটূক্তি এবং বিদ্বেষমূলক অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শুক্রবার রাতে তথ্য ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন এক যুবক। এ মামলায় বাবুল হোসেন খানকে আসামি করা হয়। পরে অভিযান চালিয়ে বাবুল হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন আল রশিদ জানান, ফেসবুকে অপপ্রচার ছড়ানোর অভিযোগে মনির হোসাইন সুমন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে বাবুল হোসেন খানকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।