সিলেট অফিস
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। জয় বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এমন উন্নয়নের বিরোধিতা করছে জামায়াত শিবিরের প্রেতাত্মারা। তারা আলজাজিরার মাধ্যমে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তবে দেশের মানুষ বুঝে শেখ হাসিনার বিকল্প নেই। সেজন্য দেশের মানুষ তাদের প্রতিহত করছে, ভবিষ্যতেও করবে।
গতকাল শনিবার সিলেট নগরের কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কর্মীসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জয়। তিনি বলেন, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করার প্রয়োজন নেই। তিনি বলেন, অনেকেই আমার এবং সাধারণ সম্পাদক লেখকের ছবি দিয়ে পৃথক পৃথক ব্যানার-ফেস্টুন বানিয়ে টানিয়েছেন। এটা ঠিক নয়। কখনই গ্রুপিংকে প্রশ্রয় দেবেন না। আমরা চাই সবাই মিলেমিশে থাকতে।
আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লেখক ভট্রাচার্য বক্তব্যের শুরুতে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির স্মরণে এক মিনিট নীরবতা পালনে আহ্বান জানালে সভায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় লেখক ভট্রাচার্য বলেন, আপনারা সিলেট ছাত্রলীগ আমাদের অনেক দিয়েছেন। এখন আমাদের দেবার পালা। আমরা যে কমিটি দেব সেই কমিটির নেতৃত্বেই আপনারা কাজ করবেন।