গোপালগঞ্জ প্রতিনিধি
করোনা মহামারির মধ্যে ডেঙ্গু মোকাবিলায় আমরা কাজ করেছি, এ বছর একজন ব্যক্তিও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায়নি। আমরা সফলভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। বর্তমানে কিউলেক্স মশার আক্রমণ হলেও আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকার মশা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে। ঢাকার অন্যতম সমস্যা বর্ষার মৌসুমে জলাবদ্ধতা, এবার সেই জলাবদ্ধতাও আর থাকবে না। গতকাল দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস।
জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় তার সঙ্গে ছিলেন ডিএসসিসির সাধারণ আসন ও সংরক্ষিত আসনের কাউন্সিলরসহ করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শারিফ আহমেদ, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাফর আহমেদ, প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুন্সী মোহাম্মদ আবুল হাসেম, কাজী মো. বোরহান উদ্দিন, মো. খায়রুল বাকের।
গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সভাপতি হাসান আহম্মেদ কচি, সাধারণ সম্পাদক বি এম মাহমুদুল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।