নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় ছয়তলা ফ্ল্যাটে সিলিন্ডারের গ্যাস জমে অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে আরো এক জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সাধীন অবস্থায় সাব্বির হোসেনের (১৫) মৃত্যু হয় । এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল চার জনে। সাব্বির হোসেন শহরের মাসদাইর এলাকার মো. তামিমের ছেলে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় সাব্বিরের মামা মো. মিশাল (২৬), মিশালের দেড় বছরের শিশু মিনহাজ, চাচাতো শ্যালক মাহফুজসহ (১৩) মোট চার জনের মৃত্যু হলো। আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সাধীন নিহত মিশালের স্ত্রী মিতা আক্তার (২৩) ও তাঁর মেয়ে আফসানা আক্তার (৪)। মিশালের শ্বশুর শহীদ হোসেন জানান, ভোরে চিকিত্সাধীন অবস্থায় সাব্বির মারা গেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, অন্যদের অবস্থা ভালো না। উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে শহরের পশ্চিম মাসদাইর এলাকায় হাজী ভিলার ছয়তলার ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে একই পরিবারের ছয় জন দগ্ধ হন। বিস্ফোরণে ঐ ঘরের দরজা-জানালার কাচ ভেঙে গেছে এবং ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।