তারা মালিক, আমরা হচ্ছি সব প্রজা --------------- ফখরুল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খুব দামি দামি ঘড়ি পরেন বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতিদিন বিএনপি নিয়ে কথা বলতে থাকেন। গতকালও বলেছেন। তিনি গতকালও বিএনপির আন্দোলন সম্পর্কে কটাক্ষ করেছেন। তিনি বলেন, ওবায়দুল কাদের বলেন বিএনপি নাই। তাহলে প্রতিদিন বিএনপি সম্পর্কে কথা কেন বলেন? গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদ্যাপন চিকিত্সা ও সেবা কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগের চরিত্র সম্পূর্ণ বদলে গেছে। তারা সেই গণতন্ত্রের মধ্যে আর নিজেদের ধারণ করতে পারছে না। গণতন্ত্র মানলে তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে—এগুলোর মধ্যে তারা নাই। তারাই সব। তারাই মালিক, আমরা হচ্ছি সব প্রজা। তারা হচ্ছে প্রভু, আর সাধারণ মানুষ দাস।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডোনার এর সভাপতিত্বে ও ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরব, ড্যাবের মহাসচিব অধ্যাপক আব্দুস সালাম, ট্রেজারার অধ্যাপক শাকিল, যুবদলের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হাসান শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।