দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দীন আবদুল্লাহ বলেছেন, দুর্নীতিমুক্ত ও উন্নত বাংলাদেশের সমন্বয়ে সোনার বাংলা তৈরি করা সম্ভব। দুদক চেয়ারম্যান হিসাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করবো। গতকাল শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। এর আগে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।
এসময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক, সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, গোপালগঞ্জের এনডিসি মিলন সাহা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। নবনিযুক্ত চেয়ারম্যান পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।