রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের নতুন সরঞ্জাম পাঠিয়েছে রাশিয়া

রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের ইউনিট ১ ও ২-এর টার্বাইন আইল্যান্ডের জন্য ১২টি হাই প্রেসার ভাল্ভ সংবলিত এক সেট সরঞ্জাম পাঠিয়েছে রাশিয়া। জেএসসি এইএম টেকনোলজির পেট্রযাভদস্কমাস শাখা (রাশিয়ার রাষ্ট্রীয় করপোরেশন রোসাটমের যন্ত্রাংশ প্রস্তুতকারী শাখা-এটোমএনারগোম্যাস ও রাশিয়ান প্রকৌশল ইউনিয়নের কেরেলিন আঞ্চলিক শাখা) হতে এসব গুরুত্বপূর্ণ সরঞ্জাম পাঠানোর খবর রোসাটমের গণমাধ্যম থেকে এক বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়েছে।  

স্টেইনলেস স্টিলের তৈরি এই ভাল্ভগুলো ৮০-১২৫ মি.মি ফ্লো এরিয়া বিশিষ্ট ক্ষয় প্রতিরোধী এবং অত্যন্ত উচ্চচাপ যা ১১ এমপিএ ও উচ্চতাপ ৩০০ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত কাজ করতে সক্ষম। এই পাইপ লাইন ভাল্ভগুলোর মূল কাজ হলো অপারেটিং মিডিয়াম ফ্লো-কে শক্তভাবে বন্ধ করার মাধ্যমে পারমাণবিক কেন্দ্রের টার্বাইন প্লান্টের নিষ্কাশন ও তেল সরবরাহ ব্যবস্থার নির্ভরযোগ্য কার্যক্রম নিশ্চিত করা। রোসাটম জানায়, গেট ভাল্ভগুলো নিউম্যাটিক, হাইড্রলিক এবং লিক পরীক্ষাসহ সব ফ্যাক্টরি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ।

রাশিয়ার রাষ্ট্রীয় করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগের পরিকল্পনা অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের নকশা প্রণয়ন ও বাস্তবায়ন হচ্ছে। এই বিদ্যুত্ কেন্দ্রের দুইটি ইউনিটে ভিভিইআর ১২০০ রিয়াক্টর থাকবে। রাশিয়ার এইম টেকনোলজি দুইটি ইউনিটের রিয়াক্টর রুমের মূল যন্ত্রাংশ প্রস্তুত করছে।