আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে সম্প্রতি আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গতকাল শনিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী উভয় পক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই আমরা বরদাস্ত করবো না। বৈঠক সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানকে লাঞ্ছিত করার ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় বসুরহাট পৌর এলাকার রূপালী চত্বরে প্রতিবাদ সমাবেশ চলাকালে পৌর মেয়র আবদুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে ব্যাপক ভাঙচুর ও বোমাবাজি চলে; মো. আলাউদ্দিন নামে একজন নিহত হন, আহত হন অন্তত ৪০ জন, তাদের অন্তত ১৫ জনের শরীরে গুলির চিহ্ন ছিল। এ ঘটনায় ইতিমধ্যে ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। আবদুল কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য। কোম্পানীগঞ্জে আড়াই মাস ধরে চলা রাজনৈতিক বিতর্ক, উত্তেজনা, সংঘাতের পথ ধরে একজন সাংবাদিকসহ দুই জনের প্রাণহানি ঘটেছে। সূত্র জানায়, গতকালের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উভয়পক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা এত কষ্ট করে, দিনরাত পরিশ্রম করে দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছি। কিছু নেতা দলের সুনাম ক্ষুণ্ন করবে—এটা হতে পারে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কঠোর হাতে তাদের দমন করা হবে।
এদিকে বৈঠকে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন। লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল মানব পাচারের দায়ে কুয়েতে সাজাপ্রাপ্ত হওয়ায় আসনটি সম্প্রতি শূন্য ঘোষণা করা হয়। এছাড়া নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তপশিলে উল্লেখিত ১১টি পৌরসভা (৬ষ্ঠ ধাপ) ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের (১ম ধাপ) মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদ ব্যতীত অবশিষ্ট বিভাগগুলো অর্থাত্ নির্বাচন কমিশনের তপশিলে ঘোষিত ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে ২৫০টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। বাকি ইউপির চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করতে আগামীকাল সোমবার আবারও বৈঠকে বসবে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড।
১১ পৌরসভায় নৌকার প্রার্থী যারা
আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় ৬ষ্ঠ ধাপের ১১ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পঞ্চগড়ের দেবীগঞ্জে মো. গিয়াসউদ্দীন চৌধুরী, দিনাজপুরের সেতাবগঞ্জে মো. আসলাম, যশোরের নওয়াপাড়ায় সুশান্ত কুমার দাস, ঝালকাঠি সদরে মোহাম্মাদ লিয়াকত আলী তালুকদার, ফরিদপুরের ভাঙ্গায় এ এফ এম ডি রেজা, কক্সবাজারের চকরিয়ায় আলমগীর চৌধুরী, মহেশখালীতে মকসুদ মিয়া, ফেনীর সোনাগাজীতে মো. রফিকুল ইসলাম (খোকন), নোয়াখালীর কবিরহাটে জহিরুল হক রায়হান, কুমিল্লার লাঙ্গলকোটে আব্দুল মালেক, চট্টগ্রামের বোয়ালখালীতে মোহাং জহুরুল ইসলাম।