হালদায় মা মাছ সুরক্ষায় সিসি ক্যামেরা

বঙ্গবন্ধু হেরিটেজ হিসাবে ঘোষিত দেশের একমাত্র কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজননস্থল হালদা নদীর মা মাছ ও নদীর প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষায় শক্তিশালী সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ নদীকে আরো বেশি সুরক্ষিত ও এর নিরাপত্তা নিশ্চিত করতে আটটি পয়েন্টে স্থাপন করা হয়েছে আটটি সিসি টিভি ক্যামেরা। জানুয়ারিতে শুরু হওয়া এই প্রকল্পটি শেষ হয়েছে চলতি মার্চ মাসে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়কারী ড. মুহম্মদ মনজুরুল কিবরিয়া ইত্তেফাককে বলেন, এই ক্যামেরা দিয়ে মানুষের মুখাবয়ব পর্যন্ত শনাক্ত করা যায়। এছাড়াও কর্ণফুলী এবং হালদা নদীর মোহনা ও মদুনাঘাট ব্রিজের কাছেও ক্যামেরা লাগানোর প্রস্তাব রয়েছে। পরে সেখানেও ক্যামেরা লাগানো হবে। এসব সিসি ক্যামেরা ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থান থেকে একাধিক ডিভাইস দ্বারা মনিটরিং করা হচ্ছে। সিসি ক্যামেরায় সন্দেহজনক কিছু দেখা দিলেই ছুটে যাচ্ছেন নৌ-পুলিশ ক্যাম্পের সদস্যরা। হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, ‘রামদাস মুন্সীরঘাট এলাকাতে পুলিশ সিসি ক্যামেরা লাগিয়েছে। একটি বেসরকারি সংস্থাও অবশিষ্ট এলাকায় ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে।’ এসব সিসি ক্যামেরা স্থাপেনে প্রায় ৪ লাখ ৬৫ হাজার টাকা খরচ হয়েছে বলে সাংবাদিকদের জানান সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম মিজানুর রহমান।