বলিউডে ফের করোনার হানা

ভারতে নতুন করে শুরু হয়েছে করোনার আতঙ্ক। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা আশীষ বিদ্যার্থী। করোনা আক্রান্ত হওয়ার পর দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জয়ী এই অভিনেতাকে। তিনি ছাড়াও অভিনেতা সিদ্ধান্ত চতুর্বতী ও ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ খ্যাত অভিনেত্রী তারা সুতারিয়া করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ভারতের গলমাধ্যমগুলো।

এদিকে আশীষ বিদ্যার্থী দায়িত্বজ্ঞানের পরিচয় দিয়ে নিজেই ইন্সটাগ্রামে শুক্রবার ভিডিও পোস্ট করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন।

শুক্রবার (১২ মার্চ) ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে আশীষ বিদ্যার্থী বলেন, ‘আমি কিছুটা অসুস্থ বোধ করি। এরপর করোনার টেস্ট করার পর রিপোর্ট পজিটিভ আসে। আমি এখন দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছি। তবে আমি এখন ভালো আছি। যারা শারীরিকভাবে অসুস্থ বোধ করবেন, তাদেরই করোনা টেস্ট করানোর অনুরোধ জানাচ্ছি।

সিদ্ধান্ত তার ইনস্টাগ্রামে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়ে লিখলেন, ‘করোনা আক্রান্ত হয়েছি। তবে সেরকম কোনও উপসর্গ নেই। আপাতত ফিটই আছি৷ নিজেকে ঘরবন্দি করেছি। সমস্তরকম বিধি-নিষেধ পালন করছি৷ ধন্যবাদ সবাইকে আমার খবর নেওয়ার জন্য।’

তবে সুতারিয়ার পক্ষ থেকে কোনো কিছু জানানো না হলেও, ফিল্মফেয়ারে প্রকাশিত খবরের সূত্র ধরে গাল্ফনিউজ ডটকম জানায়, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ খ্যাত তারা সুতারিয়া’র কোভিড-১৯ পজেটিভ। সম্প্রতি এই অভিনেত্রী আহান শেঠির সঙ্গে ‘তাড়াপ’ ছবির কাজ শেষ করেছেন। মিলান লুথারিয়া পরিচালিত ছবিটি মুক্তি পাবে ২৪ সেপ্টেম্বর।

১৯৯৪ সালে আশীষ বিদ্যার্থী ‘দ্রোহকাল’ সিনেমার জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। তিনি একাধারে হিন্দি, তেলেগু, তামিল, মালায়ালাম ও বাংলা ভাষার সিনেমায় অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘১৯৪২: অ্যা লাভ স্টোরি’, ‘ইস রাত কি সুবাহ ন্যাহি’ এবং ‘কাহো না পেয়ার হ্যায়’ ইত্যাদি।

গত এক সপ্তাহে একের পর এক বলিউড অভিনেতারা করোনা আক্রান্ত হয়েছেন। প্রথমে রণবীর কাপুর। তারপর মনোজ বাজপেয়ী, সঞ্জয়লীলা ভনশালী। এমনকী, রণবীর ও ভনশালীর করোনা আক্রান্ত হওয়ার কারণে নিজেকে ঘরবন্দি করেছিলেন আলিয়া ভাট।

ইত্তেফাক/বিএএফ