আসামির শরীরে নির্যাতনের চিহ্ন: জবানবন্দি রেকর্ড করায় ম্যাজিস্ট্রেটকে শোকজ 

শরীরে নির্যাতনের স্পষ্ট চিহ্ন থাকার পরেও হত্যা মামলার এক আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করায় চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরে আলমকে শোকজ করেছে হাইকোর্ট। 

সংশ্লিষ্ট আসামির চিকিৎসা সেবা ও পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ না দিয়ে কোনো এখতিয়ার বলে ঐ জবানবন্দি রেকর্ড করেছেন তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এক আসামির জামিন শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।  

রবিবার (১৪ মার্চ) এই আদেশ দেন। একইসঙ্গে আসামি ফরহাদের জামিন মঞ্জুরের পাশাপাশি তার বয়স নির্ধারণ করতে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

আদালত বলেন, সিআরপিসির ১৬৪ ধারায় আসামির  জবানবন্দি রেকর্ডের সময় তার শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিতে পারেন ম্যাজিস্ট্রেট।  

২০১৯ সালের ১৯ আগস্ট চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পিয়ারীখোলা গ্রামে কাঠমিস্ত্রি সোহেল রানাকে (১৭) হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় ভাই সাইফুল বাদী হয়ে থানায় মামলা করেন। পরদিন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরহাদ হোসেন প্রকাশ (খলু) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। ঐ আসামির দেয়া তথ্যের ভিত্তিতে খুন হওয়া সোহেল রানার বিচ্ছিন্ন মস্তক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত সোহেলের ১৫ হাজার টাকার মুঠোফোন ছিনিয়ে নিতেই ফরহাদ ও তাঁর কয়েকজন বন্ধু মিলে এ হত্যাকাণ্ড ঘটায়।
পরে ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ফরহাদ।

জবানবন্দি রেকর্ড শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরে আলম মন্তব্য কলামে লিখেছেন, "আসামির দুই হাতের কব্জির নিচে দড়ি দিয়ে দীর্ঘক্ষণ বাধার চিহ্ন দেখা যায়। এছাড়া পায়ের তালুতে ও পায়ে ফোলা দেখা যায়। আসামির দুই হাত বেধে ঝুলিয়ে পেটানোর প্রমাণ তার দুই কব্জির নিচের কালসিরা দাগ থেকে প্রমাণ হয়। আসামি রিমান্ডের ভয়ে এই জবানবন্দি করেছে মর্মে প্রতীয়মান হয়।"

এই মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন ফরহাদ। জামিন শুনানিকালে তার আইনজীবী রিমি নাহরীন বলেন, গ্রেফতারের পর পুলিশ এই আসামিকে নির্যাতন করেছে। এর পরেও ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি রেকর্ড করেছে। এই জবানবন্দি স্বেচ্ছাপ্রণোদিত নয়।

তিনি বলেন, জবানবন্দিতে আসামির বয়স ১৬ বছর উল্লেখ করা হয়েছে। কিন্তু পুলিশ অভিযোগপত্রে ১৯ বছর দেখিয়েছে। একজন শিশুকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে চার্জশিট দেওয়ায় আইন লঙ্ঘিত হয়েছে।

শুনানি শেষে হাইকোর্ট ফরহাদের সঠিক বয়স নির্ধারণে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে। এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী উপস্থিত ছিলেন।

তিনি ইত্তেফাককে বলেন, এই মামলায় ফরহাদসহ তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শরীরে নির্যাতনের চিহ্ন থাকার পরেও জবানবন্দি রেকর্ড করায় ম্যাজিস্ট্রেটের ব্যাখ্যা তলব করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম