গণপরিবহনগুলো হোক নারীবান্ধব

বাংলাদেশের অগ্রগতিতে পুরুষের যেমন ভূমিকা রয়েছে, তেমনি নারীদের ভূমিকাও অতুলনীয়। নারীরা শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যাওয়ার জন্য পরিবহনে ওঠেন। গণপরিবহন মানে হচ্ছে চাকরিজীবী মধ্যবিত্ত নিম্নবিত্ত পুরুষ, নারী, শিশু, বৃদ্ধসহ সমাজের সব স্তরের মানুষের বাহন। অথচ দেখা যাচ্ছে, গণপরিবহনে নারীরাই সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন। যেমন বাস নির্দিষ্ট স্থানে না থামা, সিট নেই বলে নারীদের বাসে উঠতে না দেওয়াসহ বিভিন্ন ধরনের লাঞ্ছনার শিকার হতে হচ্ছে তাঁদের। গণপরিবহনে যাতায়াতের সময় নারীরা শুধু পরিবহন শ্রমিক নয়, কখনো কখনো পুরুষ যাত্রী দ্বারাও অসম্মানিত হন। নারীদের যাতায়াতের প্রধান মাধ্যম গণপরিবহন হতে হবে হয়রানি ও ভোগান্তি মুক্ত। তাই সরকার ও গণপরিবহন সংস্থাগুলোর উচিত নারীদের যাতায়াতে প্রয়োজনে আলাদা গণপরিবহন সার্ভিস চালু করা। গণপরিবহনগুলোতে সংরক্ষিত নারীর আসনগুলো খালি রাখা, বাসে ওঠা-নামার নির্দিষ্ট স্থানে গাড়ি থামা ইত্যাদি। সর্বোপরি নারীদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। গণপরিবহনে কোনো ধরনের হেনস্তার শিকার যাতে না হন—সেজন্য সবাইকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমরা চাই গণপরিবহন হোক নারীর জন্য সবচেয়ে নিরাপদ যাতায়াত মাধ্যম।

জাহিদ আল হাসান

শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,

ঢাকা কলেজ