আপনার চারপাশটা ঘুরে দেখুন

ভ্রমণ মানুষকে আনন্দ দেয়। সৃষ্টি করে নতুন কিছু জানার সুযোগ। তাই তো মানুষ ছুটে চলে দেশ থেকে দেশান্তরে। ভ্রমণ যে শুধু নির্দিষ্ট কিছু জায়গায় হতে হবে তা কিন্তু নয়। ভ্রমণ হতে পারে চারপাশ ঘোরাঘুরির মাধ্যমেও। যেমন বাড়ির আশেপাশের গ্রামগুলো ঘুরলেন, তাতে আপনার কিছু অর্জন হবে। কী অর্জন? এই যেমন ধরুন, আপনি আপনার এলাকার চারপাশ সম্পর্কে ভালো করে জানলেন, কেউ কিছু জানতে চাইলে তাকে বলতে পারলেন, শিক্ষিত সমাজের একজন সদস্য হিসেবে এলাকার চারপাশে কী কী সংস্কার প্রয়োজন  সেই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করলেন, চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে সম্যক জ্ঞানলাভ  করলেন, সর্বোপরি আর্থ-সামাজিক অবস্থার প্রকৃত তথ্য জানলেন। অনেক সময় আমরা আমাদের চারপাশের সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হই। রবীন্দ্রনাথের ভাষায় বলা যায়— 

‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া

ঘর থেকে শুধু দুই পা ফেলিয়া

একটি ধানের শিষের উপরে

একটি শিশির বিন্দু।’

নুর মোহাম্মদ শাওন

শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ,

ইসলামী বিশ্ববিদ্যালয়,

কুষ্টিয়া