ইত্তেফাক রিপোর্ট
তৈরি পোশাকসহ অন্যান্য খাতের ন্যায় সরকারের দেওয়া প্রণোদনা-সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে গার্মেন্টস এক্সেসরিজ খাত। গতকাল রবিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত প্রাক বাজেট আলোচনায় বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে। সংগঠনের সভাপতি আবদুল কাদের খান বাজেটে গ্রহণের জন্য সাতটি প্রস্তাব তুলে ধরেন। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে ঐ সভায় বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি জসিম উদ্দিনও উপস্থিত ছিলেন।
বিজিএপিএমইএর পক্ষ থেকে বলা হয়, সরকার করোনার ক্ষতি থেকে সুরক্ষার স্বার্থে তৈরি পোশাক শিল্পসহ রপ্তানিমুখী খাতকে প্রণোদনা সুবিধা দিয়েছে। এক্সেসরিজ খাত রপ্তানিমুখী এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আওতায় থাকা সত্ত্বেও এ সুবিধা পায়নি। এছাড়া রপ্তানিতে উেস কর বিদ্যমান ০.৫ শতাংশ থেকে অর্ধেক কমানো, কাপোরেট করহার গার্মেন্টস খাতের ন্যায় সাড়ে ১২ শতাংশে নামিয়ে আনা, স্থানীয় বাজারে নগদে বা ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে পণ্য ক্রয়ে আয়কর প্রত্যাহার, রপ্তানি সংশ্লিষ্ট হিসেবে স্থানীয়ভাবে সংগৃহীত সব পণ্য ও সেবার ক্ষেত্রে ভ্যাট মওকুফসহ দাখিলপত্র প্রদানের শর্ত বাতিল করা, বেশকিছু পণ্য ও যন্ত্রাংশ আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) কমানো, প্রচ্ছন্ন রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের কারখানার মধ্যস্থ্য পুরো এলাকাকে ওয়্যারহাউজের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়।