রপ্তানিকারকদের জন্য নীতিসহায়তা আরো তিন মাস বাড়ল

ইত্তেফাক রিপোর্ট

আগামী জুন পর্যন্ত নীতিসহায়তা পাবেন রপ্তানিকারকেরা। করোনা ভাইরাসে অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের দেওয়া নীতিসহায়তার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত রপ্তানিকারকদের নীতিসহায়তা দেওয়ার কথা ছিল। তবে বিশ্ব প্রতিযোগিতায় রপ্তানি বাণিজ্যের সক্ষমতা বাড়াতে তিন মাস সময় বাড়ানো হয়েছে। নীতিসহায়তার অংশ হিসেবে রপ্তানিমূল্য প্রত্যাবাসনের সময় ২১০ দিন পর্যন্ত রাখা হয়েছে।

এছাড়া প্রযোজ্য সুদের হারে ব্যাক টু ব্যাক ঋণপত্রের সময়সীমা অতিরিক্ত ১৮০ দিন বাড়ানোর সুযোগ থাকছে। রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ)-এর ঋণের অতিরিক্ত সময় ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিন পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া সাপ্লায়ার্স/বায়ার্স ক্রেডিটের আওতায় স্থাপিত ব্যাক টু ব্যাক ঋণপত্রের দায় পরিশোধের নিমিত্তে ইডিএফ থেকে ১৮০ দিন সময়ের জন্য অর্থায়ন-সুবিধা গ্রহণ করা যাবে মর্মে সার্কুলারে বলা হয়েছে। নীতিসহায়তা বাড়ানো প্রসঙ্গে রপ্তানিকারকেরা বলেন, বাংলাদেশ ব্যাংকের নেওয়া ব্যবস্থা বৈদেশিক বাণিজ্যে স্বস্তি দেবে। আলোচ্য তিন মাসের সহায়তায় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো তাদের সমস্যা কটিয়ে উঠতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।