সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ১৯ জন বালু শ্রমিককে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ছয় জন বালু শ্রমিককে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা এবং ১৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রওশন আলী এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাদাত রত্ন বালু শ্রমিকদের জেল-জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত বালু শ্রমিকদের বাড়ি পাবনা, কুষ্টিয়া ও নাটোর জেলার বিভিন্ন গ্রামে। সুজানগর থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।