রামগতিতে বাজারে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা                                               

রামগতি উপজেলা সদর আলেকজান্ডার বাজারে রবিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ ছোট-বড় ৭৯টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। ভোর ৫টার দিকে বাজারের মধ্যগলির টলঘরের দক্ষিণ পাশে একটি ছোট মুদি দোকানে প্রথম আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে মুদি দোকান, চালের আড়ত, ফার্মেসি, জুয়েলার্স, লন্ড্রি, সেলুন, চা-দোকানসহ ছোট-বড় ৭৯টি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রামগতি স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. খোকন মজুমদার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। রামগতি, কমলনগর ও নোয়াখালীর সুবর্ণচরের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মোমিন জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা দেওয়ার জন্য বাজার উন্নয়ন কমিটির কর্তৃপক্ষকে বলা হয়েছে। বরাদ্দ পেলে সহায়তা প্রদান করা হবে।