ইত্তেফাক রিপোর্ট
প্রয়াত নাট্যজন ইশরাত নিশাতকে স্মরণ করে চালু হচ্ছে ‘নাট্য পুরস্কার’। প্রতি বছর ২০ জানুয়ারি ইশরাত নিশাতের প্রয়াণ দিবসে নাট্য প্রযোজনার আটটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে। শনিবার রাজধানীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে পুরস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই পুরস্কারের উদ্দেশ্য হবে নিবেদিত মঞ্চাভিনেতাদের কাজের স্বীকৃতি দেওয়া। দেশের নাট্য আন্দোলনকে বেগবান করতে সহায়তা করা। প্রতি বছর শ্রেষ্ঠ অভিনেতা-নারী, শ্রেষ্ঠ অভিনেতা-পুরুষ, শ্রেষ্ঠ নির্দেশক, শ্রেষ্ঠ নাট্যকার, শ্রেষ্ঠ মঞ্চসজ্জা, শ্রেষ্ঠ আবহ সংগীত, শ্রেষ্ঠ আলো পরিকল্পক, শ্রেষ্ঠ নাটক বিভাগে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের প্রতিটির আর্থিক মূল্যমান হবে ২৫ হাজার টাকা; তবে শ্রেষ্ঠ প্রযোজনার আর্থিক মূল্য হবে ৫০ হাজার টাকা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—ইশরাত নিশাত নাট্য পুরস্কার বাস্তবায়ন কমিটির সদস্য নাট্যজন ম. হামিদ, গোলাম কুদ্দুছ, মাসুম রেজা, কামাল আহমেদসহ ঢাকার বিভিন্ন থিয়েটার দলের নেতৃবৃন্দ।