জয়ের সেঞ্চুরিতে জিতল ইমার্জিং দল

স্পোর্টস রিপোর্টার

ম্যাচটা জমিয়ে ফেলেছিল আয়ারল্যান্ড উলভস। জয়ের জন্য শেষ ৬ বলে তাদের দরকার ছিল ১১ রান। কিন্তু রেজাউর রহমান রাজার করা ইনিংসের ৫০তম ওভারে ৫ রানের বেশি নিতে পারেনি আইরিশরা। খুব কাছে এসেও শেষ ম্যাচে সান্তনার জয়ের সুযোগটা হাতছাড়া হয় সফরকারীদের।

গতকাল মিরপুর স্টেডিয়ামে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ইমার্জিং দল। সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল, পরের চারটি ম্যাচ জিতে সিরিজ শেষ করল সাইফ হাসানের দল।

আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় গতকাল একাদশে ৭ পরিবর্তন নিয়ে খেলেছে স্বাগতিকরা। আগে ব্যাট করে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬০ রান করেছিল ইমার্জিং দল। লিস্ট-এ ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা জয় একাই টেনেছেন দলকে। ১৩৫ বলে ১২৩ রানের (৯ চার, ৩ ছয়) ইনিংস খেলেছেন তিনি। এছাড়া আনিসুল ইমন ৪১, তৌহিদ হূদয় ২০, মাহিদুল অঙ্কন ৩৩ রান করেন। আইরিশদের পক্ষে মার্ক অ্যাডেইর তিনটি, প্রিটোরিয়াস, টেক্টর দুটি করে উইকেট নেন।

পরে ৯ উইকেটে ২৫৫ রানের বেশি যেতে পারেনি আইরিশরা। দোহেনি ৮১, অ্যাডেইর ৪৫, নেইল রক ৩৫ রান করেন। সাইফ হাসান তিনটি, তানভির-শফিকুল দুটি করে উইকেট নেন। সেঞ্চুরিয়ান জয় ম্যাচ সেরা ও সিরিজ সেরার পুরস্কার পান।

এদিকে এক টি-২০ ম্যাচ কম খেলেই দেশে ফিরে যাচ্ছে আয়ারল্যান্ড উলভস দল। সূচি অনুযায়ী ১৯ মার্চ বাংলাদেশ ছাড়ার কথা ছিল তাদের। ১৮ মার্চ মিরপুর স্টেডিয়ামে ছিল সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচ। কিন্তু করোনার সংক্রমণ বাড়ায় নতুন সূচি অনুযায়ী ১৭ মার্চই ফিরে যাবে দলটি। তার আগে ১৬ মার্চ মিরপুরে একমাত্র টি-২০ তে বাংলাদেশ ইমার্জিং দলের মুখোমুখি হবে আইরিশরা।

ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স ডিরেক্টর রিচার্ড হোল্ডসওর্থ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আইরিশ সরকারের সম্প্রতি প্রবর্তিত নিয়ম অনুযায়ী করোনার ‘রেডলিস্ট’ তালিকার দেশ হয়ে কেউ ফিরলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। আয়ারল্যান্ড উলভস ঢাকা থেকে দুবাই হয়ে ফেরার কথা ছিল। তাতে করে দেশে ফিরেও কোয়ারেন্টাইনে থাকতে হবে আইরিশ ক্রিকেটারদের। নতুন করে রেডলিস্ট দেশের রুট এড়িয়ে ফেরার পরিকল্পনা করেছে দলটি। কোয়ারেন্টাইন এড়াতেই দ্বিতীয় টি-২০ ম্যাচটি না খেলেই চলে যাবে আইরিশরা।