যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে :রাষ্ট্রদূত
ইত্তেফাক রিপোর্ট
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। গতকাল রবিবার সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তিনি সাক্ষাত্ করেন। এ সময় শিরীন শারমিন বলেছেন, বাংলাদেশের নারীরা অদম্য গতিতে এগিয়ে যাচ্ছেন। নারী উদ্যোক্তারাও পিছিয়ে নেই। নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতিতেও বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাত্কালে স্পিকার বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির বিপর্যয়ের বিষয়টি তুলে ধরেন। টিকা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে এই সংকট উত্তরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। স্পিকার বিষয়টি ‘কালেক্টিভ ওয়েলফেয়ার’ বা ‘সম্মিলিত কল্যাণ’ বলে চিহ্নিত করে উন্নয়নশীল দেশের টিকা পাওয়ার বিষয়টির ওপর জোর দেন। এসময় তিনি আগামী ১৭ থেকে ২৬ মার্চ দশ দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালা সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেন। রাষ্ট্রদূত মিলার বাংলাদেশে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম, বাংলাদেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।