বিএনপি বিরোধী দলের দায়িত্ব পালনে ব্যর্থ :তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘বিএনপি রাজনৈতিকভাবে বিরোধী দলের দায়িত্ব পালনে ব্যর্থ এবং তারা দেশে গুজব ও বিভ্রান্তি ছড়াতেই ব্যস্ত।’ গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপির দেওয়া আগামী কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘সরকারি দলের যেমন জনগণের কাছে দায়বদ্ধতা থাকে, বিরোধী দলেরও জনগণের প্রতি দায়িত্ব-দায়বদ্ধতা আছে। সেই দায়িত্ব তারা পালন না করে বরং জনগণকে বিভ্রান্ত করেছে, গুজব রটিয়েছে, যেটি অত্যন্ত দুঃখজনক। বিরোধী দলের দায়িত্ব পালন করতে তারা ব্যর্থ হয়েছে।’ আওয়ামী লীগ পালটাপালটি কর্মসূচিতে বিশ্বাস করে না উল্লেখ করে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা জনগণের জন্য কাজ করছি। আর তারা জনগণের জন্য কাজ না করে করোনা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে, ছেলেধরা গুজব ছড়িয়েছে, এই করোনাকালে জনগণের পাশে দাঁড়ায়নি বরং অপরাজনীতিতে লিপ্ত হয়েছে। সেটির পরিপ্রেক্ষিতে জনগণ যাতে বিভ্রান্ত না হয়, সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। জনগণের রায় নিয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে গত ১২ বছর ধরে দেশ পরিচালনা করছেন এবং সেই কারণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বছরে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।’

এদিন সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাত্ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি। এ বৈঠক সম্পর্কে ড. হাছান সাংবাদিকদের জানান, ‘আলজেরিয়া বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশগুলোর অন্যতম। ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলজেরিয়া সফর করেছিলেন এবং ১৯৭৪ সালে লাহোরে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে যোগ দেওয়ার জন্য আলজেরিয়ার তত্কালীন প্রেসিডেন্ট হুমেদিন ঢাকায় এসে বঙ্গবন্ধুকে নিয়ে গিয়েছিলেন এবং বঙ্গবন্ধু পাকিস্তানের ইসলামাবাদে ওআইসি সম্মেলনে যাওয়ার শর্ত দিয়েছিলেন যে, পাকিস্তানকে অবশ্যই বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। এই স্বীকৃতি দেওয়ার পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওআইসি সম্মেলনে যোগ দিয়েছিলেন।’