শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
শ্রীপুরে শিলা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিলা আক্তার ঐ এলাকার শাহাবুদ্দিনের মেয়ে। গতকাল সকালে শ্রীপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পরই নিহতের স্বামী মজনু মিয়া ডাক্তার আনার কথা বলে পালিয়েছে। নিহতের আট বছরের মেয়ে জানায়, ঘটনার রাতে তার বাবা-মা ঝগড়া করে এবং বাবা তার মাকে মারধর করে। এক পর্যায়ে তার মা জ্ঞান হারিয়ে ফেললে সে ও তার বাবা পাশের বাড়ি থেকে নানীকে ডেকে আনার পর তার মায়ের লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।