রাজনীতি ভুলে ব্যক্তি আক্রমণ শুরু করেছে বিএনপি :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি এখন ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছেন, যা রাজনৈতিক সৌজন্যবোধের মধ্যে পড়ে না। তারা রাজনীতি ভুলে এখন ব্যক্তিগত আক্রমণ শুরু করছে।

গতকাল রবিবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে এখন গভীর হতাশায় নিমজ্জিত। ‘আওয়ামী লীগ দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে’ মর্মে বিএনপি নেতাদের দেওয়া বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয়, রাজতন্ত্র আর পরিবারতন্ত্র চর্চা বিএনপিরই রাজনৈতিক সংস্কৃতি। তাদের শাসনামলে বেগম জিয়ার পাশাপাশি এক ‘যুবরাজ’ সরকারের সবকিছু নিয়ন্ত্রণ করতো, গড়ে তুলেছিলেন বিকল্প ক্ষমতাকেন্দ্র, যাকে বলা হতো দুর্নীতির বরপুত্র। অপরদিকে, জনগণ চাইলেও প্রধানমন্ত্রী তার সন্তানদের সক্রিয় রাজনীতিতে আনেননি।

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে টাঙ্গাইল মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন। এ সময় তিনি বলেন, ৭ই মার্চকে ছোট করার জন্যই বিএনপি ৭ মার্চ পালন করছে।