জামালপুরে বাবাকে হত্যার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে ছেলের মৃত্যুদণ্ডাদেশসহ ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের আদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খান এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সবুজ মিয়া (৩৬) জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ কৈডোলা গ্রামের মৃত ইমান আলীর ছেলে। মামলার রায়ে বলা হয়েছে, ইমান আলীর সঙ্গে তার ছেলে সবুজ মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সবুজ মিয়া স্থানীয় ইউপি নির্বাচনের সদস্য পদে অংশগ্রহণের জন্য টাকার প্রয়োজনে তাকে জমি লিখে দিতে বাবা ইমান আলীর ওপর চাপ প্রয়োগ করে। ইমান আলী তাতে রাজি না হলে ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি সবুজ মিয়া বাবা ইমান আলীকে বেদম মারধর করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইমান আলীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় ইমান আলীর বড় ছেলে বাদল মিয়া বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঐ মামলায় ২২ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সবুজকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশসহ আরো ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের আদেশ দেন আদালতের বিচারক।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র বলেন, ‘আমরা এই রায়ে সন্তুষ্ট। রায় দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি।’ আসামিপক্ষের আইনজীবী মো. আশরাফুল হোসাইন সোহাগ বলেন, ‘আমরা সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আপিল করব।’ অন্যদিকে একই দিন দুপুরে জেলার বকশীগঞ্জ উপজেলায় শিশু ধর্ষণের দায়ে তাকিউল হাসান উদয় নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান এবং ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম আলী আহমেদ এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত উদয় বকশীগঞ্জ উপজেলার উঠানপাড়া গ্রামের ছোহরাব আলীর ছেলে।