টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পূর্বশত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন, অপর একজন গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
কক্সবাজার ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক জানান, টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় থাকা পুতিয়া গ্রুপের সদস্যরা এসে সি ব্লকের শেড নম্বর ৮৮৫, এমআরসি নম্বর ৩৫৬৫৫-এর বাসিন্দা দিল মোহাম্মদের পুত্র মোহাম্মদ জুবায়েরকে (২১) তুলে নিয়ে পার্শ্ববর্তী এলাকায় গুলি করে মেরে ফেলে। সালমান শাহ গ্রুপের একজন সক্রিয় সদস্য জুবায়ের। হত্যার খবর পেয়ে সালমান শাহ গ্রুপের লোকজন প্রতিশোধ নিতে গতকাল রবিবার ভোর ৪টায় একই ব্লকের শেড নম্বর ৮৬৪/৬, এমআরসি নম্বর ৩১৬৪৪-এর বাসিন্দা শাহ আহমদের পুত্র মো. জলিল ওরফে সুনিয়াকে (২২) কুপিয়ে মারাত্মক জখম করে বীরদর্পে চলে যায়। স্থানীয়রা জলিলকে উদ্ধার করে চিকিত্সার জন্য হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিত্সার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি আরো বলেন, এ ঘটনার পর ক্যাম্পে পুলিশি টহল জোরদার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।