এস কে সুর ও শাহ আলমের লেনদেনের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক মো. শাহ আলম ব্যাংকে কত টাকা লেনদেন করেছেন, সেই তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। তাদের হিসাবে কত টাকা জমা আছে, তাও জানতে চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

আলোচিত প্রশান্ত কুমার হালদারের আর্থিক প্রতিষ্ঠান থেকে ঘুষ নেওয়ার কারণে আলোচনায় আছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান এই দুই কর্মকর্তা। দুর্নীতি দমন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে বিএফআইইউ এ তথ্য চেয়েছে বলে সূত্র জানায়। চিঠিতে সুর চৌধুরী ও তার স্ত্রী সুপর্না সুর চৌধুরী এবং শাহ আলম ও তার দুই স্ত্রী শাহীন আক্তার শেলী এবং নাসরিন বেগমের নাম উল্লেখ রয়েছে। তাদের সবার হিসাব খোলার ফরম, যাবতীয় লেনদেন ও স্থিতি কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা সেল থেকেও এস কে সুর চৌধুরী ও শাহ আমলের তথ্য চেয়ে ব্যাংকগুলোতে চিঠি দেওয়া হয়। পি কে হালদারের নিয়ন্ত্রণাধীন ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশিদুল ইসলামের আদালতে দেওয়া জবানবন্দিতে এই দুই জনের ঘুষ নেওয়ার বিষয়টি উঠে আসে।