রাজধানীর পল্টনে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের বাসা থেকে লিপি বেগম (৩৩) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সেন্টু মিয়া বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে পল্টন ইস্টার্ন রেইনবোর বাসায় যাই। পরে ১৫ তলার ফ্ল্যাটের বাথরুমের দরজা ভেঙে কাপড় রাখার স্ট্যান্ডের সঙ্গে ওড়নায় ঝুলন্ত মরদেহ দেখতে পাই। এসআই আরো জানান, মৃত লিজা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা শাহ নেওয়াজ মুরাদের বাসায় ছয় মাস ধরে গৃহকর্মীর কাজ করতেন। নিহতের বাড়ি সন্দ্বীপে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।