এসবির দায়িত্বে সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) বিশেষ শাখায় (এসবি) পদায়ন করা হয়েছে। অবসরকালীন ছুটিতে যাওয়া বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মীর শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন তিনি। গতকাল রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মো. মনিরুল ইসলাম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনে স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক। পুলিশের এই চৌকস কর্মকর্তা সর্বশেষ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।