আয়কর ফাঁকির মামলায় সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৯ মে

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলোওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলার সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ায় আগামী ১৯ মে পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

আজ সোমবার (১৫ মার্চ) পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত এ দিন ধার্য করেন। 

এদিন কারাগার থেকে আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আদালতে হাজির করা হয়। এরপর এ মামলার বাদী উপ-কর কমিশনার মাছুমা খাতুন দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দেন। তবে জবানবন্দি শেষ না হওয়ায় আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ মে দিন ধার্য করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১৯ আগস্ট ২ কোটি ২৭ লাখ ৪০ হাজার ১২০ টাকা আয় গোপন করে তার ওপর প্রযোজ্য কর ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকা ফাঁকির অভিযোগে এনবিআর মামলাটি দায়ের করা হয়।

মামলাটি ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

ইত্তেফাক/কেকে