ক্ষণজন্মা

জামাল নজরুল ইসলাম

 

জন্ম ১৯৩৯ সালের ২৪ ফেব্রুয়ারি ঝিনাইদহ শহরে। বিশ্বখ্যাত এই পদার্থবিজ্ঞানী ছিলেন একাধারে গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও বিশ্বতত্ত্ববিদ। আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত ছিলেন জে এন ইসলাম নামে। ১৯৮৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার অধ্যাপক কোটা খালি না থাকায় গণিত বিভাগে অধ্যাপনা শুরু করেন এবং গড়ে তোলেন উচ্চতর বিজ্ঞান গবেষণাগার রিসার্স সেন্টার ফর ম্যাথম্যাটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স (আরসিএমপিএস)।

বই পড়তে ভালবাসতেন। শখ হিসেবে গান শোনা ও ছবি আঁকার কথা বলেছেন। রবীন্দ্রসংগীত ছিল প্রিয়। ছোটবেলা থেকেই ক্যালকুলেটর ব্যবহারে তাঁর মারাত্মক অনীহা ছিল। গাণিতিক হিসাব মাথা খাটিয়ে করতে পছন্দ করতেন। তাঁর চিন্তার অনেকখানি জুড়ে ছিল দেশ ও সমাজের উন্নতি এবং দারিদ্র্য দূরীকরণ। নিজের আয় থেকে কিছু অর্থ জমিয়ে দরিদ্র ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা করেছেন। ১৯৭১ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর আক্রমণ বন্ধের উদ্যোগ নিতে বলেছিলেন। বিদেশে পড়াশোনা করছে এমন সব শিক্ষার্থীকেই পড়াশোনা শেষে দেশে ফিরে আসতে উত্সাহিত করতেন।

তাঁর প্রকাশিত বই—দি আল্টিমেট ফেইট অফ দি ইউনিভার্স, রোটেটিং ফিল্ডস ইন জেনারেল রিলেটিভিটি, অ্যান ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল কসমোলজি, স্কাই অ্যান্ড টেলিস্কোপ, কৃষ্ণবিবর, মাতৃভাষা ও বিজ্ঞান চর্চা এবং অন্যান্য প্রবন্ধ, শিল্প সাহিত্য ও সমাজ। এর মধ্যে দি আল্টিমেট ফেইট অফ দি ইউনিভার্স ও স্কাই অ্যান্ড টেলিস্কোপ একাধিক ভাষায় অনূদিত হয়েছে। ২০১৩ সালের ১৬ মার্চ ৭৪ বছর বয়সে তাঁর বর্ণিল জীবনের ইতি ঘটে।

তানভীর তানিম