বিনোদন প্রতিবেদক
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা নিজের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক দর্শকদের উপহার দিয়েছেন। তবে এখন আগের মতো নিয়মিত কাজ না করলেও ভালো গল্প আর চরিত্র পেলে পর্দায় আসেন তিনি। বর্তমানে ‘মাশরাফি জুনিয়র’ ও ‘মমতাজ মহল’ নামের দুটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। পাশাপাশি অনুষ্ঠান উপস্থাপনাসহ অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। ছন্দা বলেন, ‘কাজ কম করছি তেমন না। আমি আসলে একটু বেছে বেছে কাজ করতে পছন্দ করি। ভালো গল্প ও চরিত্রে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আর এখন অনেক টিভি চ্যানেল ও ইউটিউবে নাটক প্রচার হয়, তাই কখন কে কোনটা দেখে বলা মুশকিল। এ জন্য মনে হয় কাজ কম করছি। আমি নিয়মিতই কাজ করছি। তবে আমার পারিবার ও সন্তানদের সময় দিতে গিয়ে মাঝে মাঝে একটি বিরতি দিতে হয়।’
নাটকের জনপ্রিয়তায় অনেকেই চলচ্চিত্রে থিতু হওয়ার চেষ্টা করেন। কিন্তু এ ক্ষেত্রে ছন্দা একেবারেই ব্যতিক্রম বলা চলে। তবে ক্যারিয়ারে এতদিন পার করে এসে চলচ্চিত্রেও অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। এ মাসেই মুক্তি পাচ্ছে তার নতুন ছবি। এত দেরিতে চলচ্চিত্রে যাত্রা শুরু ও নতুন কাজ প্রসঙ্গে ছন্দা বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে ছবিতে অভিনয়ের অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু তখন অভিনয় করার মতো অবস্থা ইন্ডাস্ট্রিতে ছিল না। তাই নীতিগত সিদ্ধান্ত নিতে পারিনি। তবে যতদিনে সিদ্ধান্ত নিলাম, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। তবে আস্তে আস্তে শুরু করছি। এ মাসে মুক্তির সম্ভাবনা আছে নারগিস আক্তারের পরিচালনায় যৈবতী কন্যার মন নামের একটি ছবি। সম্প্রতি শেষ করলাম আকরাম খানের পরিচালনায় নকশি কাঁথার ঝুলি শিরোনামের একটি ছবির কাজ।