নেত্রকোনায় খোলা ট্রাকে বালু পরিবহন

জনস্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি নষ্ট হচ্ছে পরিবেশ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলার বিভিন্ন সড়কে যানবাহনে বালু পরিবহনের সময় ত্রিপাল দিয়ে ঢেকে রাখার নিয়ম থাকলেও উপেক্ষিতই থাকছে সে নিয়ম। বাধ্যবাধকতা থাকলেও কোনো রকম আচ্ছাদন ছাড়াই বালু পরিবহন করছেন ট্রাক মালিকরা। খোলা ট্রাকে করে সড়কে পরিবহনের সময় বাতাসে বালু উড়ে পড়ছে পথচারীদের চোখেমুখে। এতে জনস্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি বিনষ্ট হচ্ছে পরিবেশ। নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা এবং নেত্রকোনা সদর এলাকা থেকে সড়ক পথে প্রতিদিন শত শত ট্রাক ও অন্য যানবাহনে বালু পরিবহন করা হচ্ছে। নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান নোমান এবং পথচারী শিমুল মিলকী বলেন, পরিবহনের সময় বালু ঢেকে রেখে পরিবহনের নিয়ম থাকলেও চালকরা তা মানছে না। ফলে বাতাসে বালু উড়ে এসে পথচারীদের চোখে মুখে লাগছে। নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান বলেন, পৌর এলাকা দিয়ে খোলা অবস্থায় বালু পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, বালু পরিবহনের সময় ত্রিপাল দিয়ে বালু ঢেকে নেওয়ার নির্দেশ রয়েছে। এই ব্যাপারে সময় সময় মোবাইল কোর্টও পরিচালনা করা হচ্ছে।