চিকিত্সক থাকলেও ১৪ বছর ধরে নেই ডেন্টাল চেয়ার

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন ও ডেন্টাল টেকনোলজিস্ট কর্মরত থাকলেও ডেন্টাল চেয়ার নেই সাড়ে ১৪ বছর। ফলে ব্যাহত হচ্ছে দাঁতের রোগীদের চিকিত্সা কার্যক্রম। জানা যায়, ৫০ শয্যাবিশিষ্ট পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯৯০ সালে ২৭ নভেম্বর একটি ডেন্টাল চেয়ার সরবরাহ পাওয়া যায়। যা পরবর্তী বছরের ১৩ই নভেম্বর চালু হয়। প্রায় ১৬ বছর পর ২০০৬ সালে ঐ ডেন্টাল চেয়ারটি অকেজো হয়ে পড়ে। ফলে ডেন্টাল সার্জন ও ডেন্টাল টেকনোলজিস্ট কর্মরত থাকলেও পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) আগত রোগীরা সাড়ে ১৪ বছর যাবত্ ডেন্টাল চেয়ার অভাবে সুচিকিত্সা থেকে বঞ্চিত হয়ে আসছে। সরকারি হাসপাতালে কাঙ্ক্ষিত চিকিত্সা সেবা না পেয়ে রোগীদের ছুটতে হচ্ছে বাইরের চিকিত্সকের কাছে। এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. সুলতানা তাহামিনা আশরাফী জানান, দাঁতের রোগের সঠিক অবস্থা দেখার জন্য ও সার্জিক্যাল চিকিত্সার জন্য ডেন্টাল চেয়ার একান্ত প্রয়োজন। কিন্তু এ হাসপাতালে ডেন্টাল চেয়ার না থাকায় শুধু রোগীদের মৌখিক বর্ণনার ভিত্তিতে ব্যবস্থাপত্র প্রদান করতে হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল জব্বার জানান, ডেন্টাল চেয়ারের জন্য প্রতি বছর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হচ্ছে। কিন্তু সরবরাহ কবে পাওয়া যাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।