কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈর ও সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০ ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে র্যাব-৪-এর সদস্যরা।
থানা সূত্রে জানা যায়, কালিয়াকৈর ও সাভারের আশুলিয়ায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্র বিভিন্ন বাসাবাড়ি ও যাত্রীবাহী বাসে ডাকাতি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে কালিয়াকৈর ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে র্যাব। এ সময় ডাকাতির কাজে ব্যবহূত একটি প্রাইভেটকার, একটি অটোরিকশা, তিনটি ওয়াকিটকি, একজোড়া হ্যান্ডকাফ, একটি বেতের লাঠি ও ১২টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মো. মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।