নিউজিল্যান্ডকে ৯০ রানে হারালো টিম ইন্ডিয়া

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৯০ রানে জিতলো টিম ইন্ডিয়া। শনিবার (২৬ জানুয়ারি)  বে ওভাল স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিরুদ্ধে জয় পায় ভারত। এই জয়ের মধ্য দিয়ে ২-০ ব্যাবধানে সিরিজ এগিয়ে গেল দলটি।

দিনের শুরুতে ব্যাট করতে নেমে টসে জিতে ব্যাট করতে নেমে  নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটের বিনিময়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩২৪ রান। দুই ওপেনারের দাপুটে ব্যাটিংয়ে সাড়ে তিনশ রানের পাহাড় গড়াটা খুব অসম্ভব কিছু ছিল না সফরকারীদের কাছে। তবে শেষের পনেরো ওভারে আশানুরূপ রান না আসায় তাদের ইনিংস থামে ৩২৪ রানের কোঠায়। 

ব্যাট হাতে ভারতের ওপেনার রোহিত শর্মা ৯৬ বলে করেন ৮৭ রান। আরেক ওপেনার শিখর ধাওয়ান ৬৭ বলে করেন ৬৬ রান। দলের ওপেনিং জুটি থেকেই আসে ১৫৪ রান। তিন নম্বরে নামা অধিনায়ক বিরাট কোহলি ৪৫ বলে করেন ৪৩ রান। এরপর আম্বাতি রাইডু ৪৯ বলে ৪৭ রান করে সাজঘরে ফেরেন। ইনিংস শেষে মহেন্দ্র ধোনি ৪৮ রান এবং কেদার যাদব ২২ রান করে অপরাজিত থাকেন ।

বল হাতে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট ও লুকি ফার্গুসন দুটি করে উইকেট নেন। 

আরও পড়ুন:  ‘আমাদের নবীজি ঘুষ-দুর্নীতি পছন্দ করতেন না’

জবাবে ৩২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে কিউইরা। তবে ক্রিজে বেশিক্ষণ টিকিতে পারেননি কেউই। ওপেনার মার্টিন গাপটিল ১৫, কলিন মুনরো ৩১ রান করে সাজঘরে ফেরেন। তিন নম্বরে ক্রিজে আসা অধিনায়ক কেন উইলিয়ামসনও ফেরেন ২০ রান করে। রস টেইলর ২২, টম ল্যাথাম ৩৪, হেনরি নিকোলস ২৮ রান, গ্রান্ডহোম ৩, লুকি ফার্গুসন ১২ ও ইস সোধি ০ রানে বিদায় নেন। ডগ ব্রেসওয়েল দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেন। শেষে ট্রেন্ট বোল্ট ১০ রানে অপরাজিত থাকেন।

ভারতের কুলদীপ যাদব তার ১০ ওভারে তুলে নেন চারটি উইকেট। ভুবনেশ্বর কুমার ও যুভেন্দ্র চাহাল দুটি করে উইকেট পান । মোহাম্মদ শামি ও কেদার যাদব পান একটি করে উইকেট। ম্যাচসেরা হন রোহিত শর্মা।

ইত্তেফাক/জেডএইচডি