উপলক্ষ্য ক্ষুদ্র, আয়োজন বিশাল

জার্সি উন্মোচন এবং খেলোয়াড় পরিচিতির জমকালো অনুষ্ঠান

স্পোর্টস রিপোর্টার

নারী ফুটবলের আগে এমন আয়োজন খুব একটা হয় না। জার্সি উন্মোচন এবং খেলোয়াড়দের পরিচিতি অনুষ্ঠান ঢাকা ক্লাবে আয়োজন করল নতুন দল আতাউর রহমান ভুইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। গতকাল দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে বাফুফের সহ সভাপতি আতাউর রহমান ভুইয়া তার নামের ক্লাবের খেলোয়াড়দের পরিচয় করিয়ে দিতে এবং জার্সি তুলে দিনে বাহারি অনুষ্ঠান করলেন। চমক দেওয়ার জন্য এই আয়োজন আগে কখনো হয়নি। নারী লিগে তার দল খেলবে। তাই এই বিত্তবান নিজের অর্থ শক্তি এবং সামর্থ্যের কথা জানান দিতে বাফুফের লোকজনকে এক মঞ্চে তুলে আনলেন। খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠানে তার ক্লাবের কর্মকর্তাদেরও তুলে আনলেন। জানালেন তাদের নারী ফুটবল দল লিগে দারুণ পারফরম্যান্স করবে। সেই সঙ্গে ২৩ ফুটবলারের নামও ঘোষণা করা হয়।