উত্তর লন্ডন আর্সেনালের

টটেনহাম হটস্পারকে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারিয়ে উত্তর লন্ডনের ‘দাদাগিরি’টা নিজেদের করে নিয়েছে মিকেল আরতেতার আর্সেনাল। রবিবারের উত্তর লন্ডন ডার্বিত প্রথমে পিছিয়ে পরেও মার্টিন ওডেগার্ড ও আলেক্সান্দ্রে লাকাজেটের গোলে স্মরণীয় একটি জয় পেয়েছে গানাররা। ইমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল জিতলেও আলোচনার কেন্দ্রে ছিলেন স্পার্স স্ট্রাইকার এরিক লামেলা। প্রথমার্ধে সন হিউয়েঙ-মিনের বদলি হিসেবে নামে দুর্দান্ত একটি ‘র্যাবোনা’ শটে দলকে এগিয়ে নিয়ে যান এই আর্জেন্টাইন। কিন্তু স্পার্সের প্রথমার্ধের নায়ক দ্বিতীয়ার্ধে বনে যান খলনায়ক। ৭৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লামেলা। তবে তার বিদায়ের আগেই অবশ্য পরাজয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল স্পার্সের। প্রথমার্ধের শেষদিকে রিয়াল মাদ্রিদ থেকে লোনে আর্সেনালে যোগ দেওয়া ওডেগার্ডের গোলে সমতা ফেরায় গানাররা। আর দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে একটি পেনাল্টি থেকে দলের জন্য জয়সূচক গোলটি করেন লাকাজেট।