তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘যারা ইতিহাস বিকৃতি ঘটিয়েছে, ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছে, তারাই ধীরে ধীরে ইতিহাসের পাতা থেকে মুছে গেছে, এটিই ইতিহাসের শিক্ষা।’ গতকাল সোমবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের আলোকচিত্র এবং বাংলা ও ইংরেজি ভাষায় বিবরণ সংবলিত ‘মুক্তির ডাক’ গ্রন্থের দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি ৭ই মার্চের ভাষণের সমালোচনা করে বুঝিয়ে দিয়েছে, সমগ্র বাঙালি জাতি বুঝলেও তারা পাকিস্তানিদের মতোই সেই ঐতিহাসিক ভাষণ বোঝেনি। আশা করেছিলাম বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে একটি অনুষ্ঠান তারা পালন করবে। কিন্তু তারা ১৭ মার্চ পালন করে না। ১৫ আগস্ট যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, সেদিন ভুয়া জন্মদিন পালন করে।’ ড. হাছান মাহমুদ বলেন, ‘আমি আশা করেছিলাম বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে তারা অতীতের ভুল স্বীকার করবে। এতদিন ধরে যে ১৫ আগস্ট কেক কেটে ভুয়া জন্মদিন পালন করেছে, এর জন্য জাতির কাছে ক্ষমা চাইবে। কিন্তু আজকে তারা সেই সুযোগ নিতে ব্যর্থ হয়েছে।’