কুমিল্লায় বাসে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরো এক জনের মৃত্যু

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে বাসে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরো এক জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম গোলামুর রহমান (৭৫)। গতকাল সোমবার দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এনিয়ে এই বিস্ফোরণের ঘটনায় মোট তিন জনের মৃত্যু হলো। এ ঘটনায় শামসুন্নাহার (৬৫) নামে আরো এক জন আইসিইউতে ভর্তি রয়েছেন। বাসে আগুনের সময় গোলামুরের মেয়ে ও নাতিন দগ্ধ হন। তবে তারা চিকিত্সা নিয়ে বাড়ি চলে যান। গোলামুরের মেয়ে দগ্ধ শাহিনুর আক্তার জানান, তাদের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। রাজধানীর জিগাতলায় থাকেন। তার বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ। ঢাকা থেকে চিকিত্সা শেষে গ্রামের বাড়ি যাওয়ার পথে গৌরীপুরে তারা এই দুর্ঘটনার কবলে পড়েন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরীপুরে চলন্ত বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ২২ জন দগ্ধ হয়। তাদের মধ্যে ১৮ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।