বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে অনুপ্রাণিত করবে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিশ্বের সর্ববৃহত্ ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ দেশের সকলকে বঙ্গবন্ধুর আদর্শে ও চেতনায় অনুপ্রাণিত করবে। রবিবার বগুড়া জেলার শেরপুরের বালেন্দা গ্রামে বঙ্গবন্ধু জাতীয় পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ শীর্ষক শিল্পকর্ম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

শস্যচিত্রে বঙ্গবন্ধু বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা ড. আব্দুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই আমরা স্বাধীন দেশটি পেয়েছি। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাযুদ্ধ পর্যন্ত সকল আন্দোলন-সংগ্রামে বঙ্গবন্ধু ছিলেন মূল সংগঠক ও অবিসংবাদিত নেতা। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন কৃষি ও কৃষকের অকৃত্রিম বন্ধু। বঙ্গবন্ধু সদ্য স্বাধীন দেশের পুনর্গঠনে প্রথমেই গুরুত্ব দেন কৃষি উন্নয়নের কাজে। ডাক দেন সবুজ বিপ্লবের। বঙ্গবন্ধু আমাদের হূদয়ে যেমন আছেন তেমনি বাংলার আকাশে বাতাসে আছেন।

শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য সাহাদারা মান্নান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, সাবেক মহাপরিচালক মো. হামিদুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক প্রমুখ। উল্লেখ্য, বগুড়ার শেরপুর উপজেলায় ১০০ বিঘা আয়তনের ধানক্ষেতে ফুটিয়ে তোলা ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সর্ববৃহত্ শস্যচিত্র হিসেবে স্বীকৃতির প্রক্রিয়ায় রয়েছে।