সুপারহিরোদের টপকে সিংহাসন ফিরে পেলো ‘অ্যাভাটার’

সুপারহিরোরা বেশিদিন রাজত্ব করতে পারলো না! বিশ্বব্যাপী সর্বকালের সেরা ব্যবসাসফল ছবির সিংহাসন ফিরে পেলো ‘অ্যাভাটার’। সম্প্রতি চীনে নতুনভাবে মুক্তির ফলে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’কে টপকে গেছে ছবিটি।

দর্শকসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় বাজার ভাবা হয় চীনকে। দেশটিতে ফের মুক্তির পর ‘অ্যাভাটার’-এর আয় দাঁড়িয়েছে ২৮০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৩ হাজার ৭১৯ কোটি টাকারও বেশি। 

করোনা মহামারির কারণে আরোপিত লকডাউন কাটিয়ে চীন বিশ্বের অন্যতম সিনেমা বাজারে পরিণত হয়েছে। গত শুক্রবার ৪০ লাখ ডলারের মতো আয় করে ‘অ্যাভাটার’। পরিবেশনা সংস্থা ওয়াল্ট ডিজনি এই তথ্য জানিয়েছে। 

‘অ্যাভাটার’-এর প্রযোজক জন ল্যান্ডাউ বলেছেন, আমরা এই দুর্দান্ত মাইলফলকে পৌঁছাতে পেরে গর্বিত। তবে জিম (জেমস ক্যামেরন) ও আমি সবচেয়ে শিহরিত এজন্য যে, করোনাকালে প্রেক্ষাগৃহে ফিরে এসেছে সিনেমা এবং আমরা আমাদের চীনা ভক্তদের সাড়ার জন্য ধন্যবাদ জানাতে চাই।’

জেমস ক্যামেরনের কল্পবিজ্ঞানধর্মী মহাকাব্য ‘অ্যাভাটার’ মুক্তি পায় ২০০৯ সালের ডিসেম্বরে। এতে অভিনয় করেছেন স্যাম ওয়ার্থিংটন, জোয়ি স্যালডানা, সিগার্নি উইভার। ব্লকবাস্টার ছবিটি একদশক ধরে সর্বকালের সেরা ব্যবসাসফল ছবির তকমা ধরে রাখে। এর আয়কে ২০১৯ সালে ছাড়িয়ে যায় মারভেল স্টুডিওসের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। তখন অভিনন্দন জানাতে ‘অ্যাভাটার’ ইউনিভার্সের প্যান্ডোরায় আয়রন ম্যানের একটি স্থিরচিত্র টুইট করেন ক্যামেরন।

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম ছবির পরিচালক অ্যান্থনি রুশো ও জো রুশো একইরকম সৌজন্য দেখিয়েছেন। ক্যামেরনকে অভিনন্দন জানাতে থানোসের মহাশক্তিধর গ্লাভসের প্রসঙ্গ টেনে ইনস্টাগ্রামে তারা লিখেছেন, ‘গ্লাভসটি আপনাকে ফিরিয়ে দিলাম।’ একইসঙ্গে ‘অ্যাভেঞ্জার্স-এর প্রতীক কম্পিউটারের কারসাজিতে অ্যাভাটারে পরিণত করা একটি আর্ট শেয়ার করেছেন তারা। 

সর্বকালের সেরা ব্যবসাসফল ছবির তালিকায় তিন নম্বরে আছে জেমস ক্যামেরনের আরেক ছবি ‘টাইটানিক’ (১৯৯৭)। তিনটিরই স্বত্ব এখন ওয়াল্ট ডিজনির কাছে। টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের কাছ থেকে ‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’-এর বিনোদন স্বত্ব কিনে নিয়েছে ডিজনি। 

এদিকে জেমস ক্যামেরন এখন ‘অ্যাভাটার’ সিরিজের চারটি সিক্যুয়েলের কাজ করছেন। এর মধ্যে ‘অ্যাভাটার টু’ মুক্তি পাবে ২০২২ সালের ডিসেম্বরে। 

ইত্তেফাক/জেএইচ