১৯৭১ সালে দৈনিক ইত্তেফাক (১৬ মার্চ)

সাহসী সাংবাদিকতার পথিকৃৎ তফাজ্জল হোসেন মানিক মিয়ার সম্পাদনায় ১৯৫৩ সালের ২৪ ডিসেম্বর দৈনিক হিসেবে যাত্রা শুরুর পর থেকে ইত্তেফাক হয়ে ওঠে গণমানুষের মুখপত্র।  বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে অসামান্য ভূমিকা রেখেছিল পত্রিকাটি। সামরিক শাসনের বিরুদ্ধে সোচ্চার থেকে আপসহীনভাবে সত্য প্রকাশ করে গেছে ইত্তেফাক। পত্রিকাটির এই ভূমিকা উপমহাদেশের সংবাদপত্রের ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়।

স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চে দৈনিক ইত্তেফাক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ১৯৭১ সালের ১৬ মার্চ প্রকাশিত দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার মূল খবরের শিরোনাম ছিল, ‘আজ মুজিব-ইয়াহিয়া সাক্ষাৎকার’। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান ওইদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে বৈঠক করবেন বলে আভাস পেয়ে প্রতিবেদনটি সাজায় ইত্তেফাক। কারণ ১৫ মার্চ বিকালে করাচি থেকে ঢাকায় এসে পৌঁছান ইয়াহিয়া। ‘খ’ এলাকার সামরিক আইন প্রশাসক লে. জেনারেল টিক্কা খান বিমানবন্দরে প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান।

ইত্তেফাক/জেএইচ