কবিতা

বাংলাদেশের নিশান আমি

 

বাংলাদেশের নিশান আমি

অবিনশ্বর প্রতীক আমি আরাধ্য স্বাধীনতার

অবারিত মুক্তি আর নীতি-ন্যায়পরতার প্রতিমূর্তি আমি।

আমার লাল আর সবুজে প্রতিফলিত হয়

স্বাদেশিক আদর্শ আর গৌরবময় জাতীয় বোধ

আমার রক্তিম উদ্ভাস রাঙিয়ে দেয় অপার আবেগের পুণ্যভূমি।

একাত্তরে যে রুধিরধারা ঝরেছিল এ বদ্বীপজুড়ে

সেই রক্তের লালচে আভা প্রতিফলিত হয় আমার নিশানে।

অকুতোভয় পরাক্রম আর দেশবাসীর অখণ্ড ঐক্য আমি।

আমি ধারণ করি শান্তি, সম্মান, শুভ্রতা আর নির্মলতাকে

আমি বাস করি সত্য-সততা আর মর্যাদালোকে।

ন্যায়বিচার, গৌরব আর মানসশক্তির পরাকাষ্ঠা আমি।

এমন সব পরিচয়েই আমি ব্যাপ্ত হই বিশ্বময়।

আমার অবস্থান গণতন্ত্র আর সমাজতন্ত্রে,

নিরপেক্ষতা আর সমতার সাম্যলোকে। 

আমি বাঙালি, সৃষ্টিকর্তা ছাড়া নত হই না কারো কাছে।

মুক্তির বীজ আমি বুনে গেলাম,

স্বাধীনতা আর আশার তরি আমি ভাসিয়ে গেলাম,

জীবনের প্রতিটি সমরে মানুষ খুঁজে পাবে আমাকে

অনুপ্রাণিত হবে অটল সাহসে।

জাতির অখণ্ডতা আর ঐক্যের প্রতীক আমি,

আমার প্রতিটি সংগ্রাম ছিল এই পতাকার জন্য

সাতই মার্চ আমি গর্জে উঠেছিলাম এই পতাকার জন্য

মুক্তির শাশ্বত আত্মা আমি

আমার আলোকশিখা ম্লান হবে না কখনো

গগনলোকে চির উন্নত রবে এই অনির্বাণ জ্যোতি।

 

বরেন চক্রবর্তীর কবিতার বই A Nation Confesses (অবসর, ২০১৪) থেকে

I am the flag of Bangladesh কবিতার ভাবানুবাদ

ভাষান্তর :তাপস কুমার দত্ত

চিত্রকলা :নাজিব তারেক