বই

চিরকালের নেতা

পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

প্রচ্ছদ ও অলংকরণ :হিরন্ময় চন্দ। মূল্য:২২৫ টাকা

 

ছোটদের জন্য লেখা কবি মিনার মনসুরের ছড়া-কবিতার বই। বইয়ের শেষ প্রচ্ছদে ছোটদের উদ্দেশ্য করে লেখা হয়েছে—‘আমাদের মা যেমন, মাতৃভূমিও তা-ই। বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের জাতির পিতা। তিনিই আমাদের মাতৃভূমিকে স্বাধীন করেছেন। তাই তাঁকে আমরা খুব ভালোবাসি। এ বইটি পড়ে তোমরাও জাতির পিতাকে আরও বেশি করে ভালোবাসবে; যেমন ভালোবাসো মা ও মাতৃভূমিকে।’

বইয়ের নাম-ছড়াটি ছাড়াও বঙ্গবন্ধুকে নিয়ে রয়েছে আরো তিনটি লেখা। এর সঙ্গে রয়েছে শেখ রাসেল, ‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের কবি আবদুল গাফ্ফার চৌধুরী, রবীন্দ্রনাথ, জাতীয় কবি নজরুল, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, দেশ, প্রকৃতি, ছিন্নমূল ও শ্রমজীবী শিশু, অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ী রোমানিয়ান কিশোরী নাদিয়া কোমানিচি বিষয়ক ছড়া-কবিতা। জীবনঘনিষ্ঠ ও সমসাময়িক বিষয়ের পাশাপাশি কবি তৈরি করেছেন নির্মল হাস্যরস আর উদ্ভট খেয়ালখুশির জগত্। বৈচিত্র্যপূর্ণ ছড়া-কবিতাগুলো চার রঙে চিত্রিত, যা ছোটদের আকর্ষণ করবে।

‘চিরকালের নেতা’ থেকে একটি ছড়া পড়া যাক—

 

ভাঙা চালের ফুটোর ভেতর

দুটি পাখির ঘর ছিল

মনের সুখে কণ্ঠে তাদের

নানান সুর ঝরছিল।

 

বুকের ওমে বাচ্চা রেখে

গাইত ওরা গান

ভুলেই যেত এই পৃথিবীর

টর্নেডো আর বান।

 

হঠাত্ করে এলো সেথায়

কালবৈশাখীর ঝাপটা

সেই ঝাপটায় যায় হারিয়ে

বাচ্চাগুলোর বাপটা।