রফিকুল ইসলাম
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বুক সর্টার, নিরাপত্তাপ্রহরী, মালি ও পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। এসব পদের পরীক্ষা ২০ মার্চ রাজধানীর ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলেছে, ২০ মার্চ বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত বুক সর্টার, নিরাপত্তাপ্রহরী, মালি ও পরিচ্ছন্নতাকর্মী পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার প্রবেশপত্র টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট (http://dshe. teletalk.com.bd) থেকে ডাউনলোড করতে হবে।
মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চার ক্যাটাগরির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় তাঁদের উত্তরপত্রের লেখার সঙ্গে হাতের লেখা মিলিয়ে দেখা হবে। এতে গরমিল পাওয়া গেলে প্রার্থীতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরীক্ষার্থীদের ছয়টি নির্দেশনাও দিয়েছে মাউশি
নির্দেশনাগুলো হলো—
১. এ পরীক্ষার প্রবেশপত্র http://dshe.teletalk. com.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
২. এ-সংক্রান্ত নির্দেশনা প্রার্থীদের নিজ নিজ মুঠোফোন নম্বরে টেলিটক কর্তৃক এসএমএসের মাধ্যমে প্রদান করা হয়েছে। এসএমএসের নির্দেশনা অনুযায়ী প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
৩. পরীক্ষার হলে প্রবেশের পূর্বে প্রয়োজনীয় তল্লাশি কার্যক্রম সম্পন্নের জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে স্বাস্থ্যবিধি অনুযায়ী মুখে মাস্ক পরে প্রার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ও মাস্ক ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
৪. পরীক্ষার্থী কোনোক্রমেই পরীক্ষার কেন্দ্রে ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, প্রবেশপত্রের একাধিক কপি, অপ্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না।
৫. প্রবেশপত্রের ছবি ও স্বাক্ষরের সঙ্গে উপস্থিতিপত্রের ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে। গরমিল পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৬. পরীক্ষা শেষে প্রার্থীরা নিজ নিজ আসনে অবস্থান করবেন। প্রত্যাবেক্ষকেরা উত্তরপত্র ও প্রশ্নপত্র সংগ্রহ করে বুঝে নেওয়ার পর প্রার্থীরা পরীক্ষাকক্ষ ত্যাগ করবেন। প্রার্থীরা প্রশ্নপত্র নিয়ে যেতে পারবেন না।