দুই কিলোমিটারে জমে আছে পানি

দেওহাটা-বহুরিয়া-গেড়ামারা সড়ক

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

এলজিইডির অধীনে থাকা মির্জাপুরে দেওহাটা-বহুরিয়া-গেড়ামারা সড়কে পানি জমে থাকায় দুর্ভোগে পড়েছেন এ পথ দিয়ে চলাচলকারীরা। গত রবিবার বৃষ্টির পর দেওহাটা থেকে বহুরিয়া পর্যন্ত দুই কিলোমিটার পথে পানি জমে যায়। স্থানীয়দের অভিযোগ সড়কের দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন তিন উপজেলার বাসিন্দা।

১০ নম্বর গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আদিলুর রহমান খান আদিল জানান, এ সড়ক দিয়ে মির্জাপুর, ধামরাই ও সাটুরিয়া এই তিন উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। সড়কের ওপর দিয়ে প্রতিদিন শত শত মাটিবাহী ড্রাম ট্রাক চলাচল করায় সড়ক ভেঙে খানা-খন্দক সৃষ্টি হয়েছে। তাছাড়া সড়কে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই হাঁটুপানি ও কাদা জমে চলাচল বন্ধ হয়ে পড়ে। পথচারী মো. মামুনুর রশিদ ও মেরাজ রহমান অভিযোগ করে বলেন, সড়ক দিয়ে ইটভাটার শত শত ড্রাম ট্রাক চলাচাল করায় পুরো সড়ক ভেঙে গেছে। শুকনোর সময় ধুলোবালি ও বর্ষায় কাদাপানিতে চলাচল করতে হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু বলেন, এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ সড়ক উন্নয়নের ব্যবস্থা করা হবে। এলজিইডি উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, স্থানীয় ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সড়কটি নিচু হওয়ায় একটু বৃষ্টি হলেই সড়কের ওপর থেকে পানি জমে জলাবদ্ধতা ও কাদার সৃষ্টি হচ্ছে। স্থানীয় এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে প্রকল্প দেওয়া হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই সড়কটির দ্রুত উন্নয়ন কাজ করা হবে।