ক্ষুদ্র কেনাকাটার অর্থ পরিশোধে বিকাশের নতুন উদ্যোগ

ইত্তেফাক রিপোর্ট

এখন থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য ও সেবা নেওয়ার পর অর্থ পরিশোধকে সহজ করতে ঐসব ব্যবসায়ীদেরও মার্চেন্ট রিটেল অ্যাকাউন্টের আওতায় আনবে মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান বিকাশ। এর ফলে বিকাশের সাধারণ গ্রাহকের পাশাপাশি তৈরি পোশাক খাতের শ্রমিকরা ডিজিটাল অর্থ ব্যবহারের পরিমাণ বাড়াতে পারবেন। গতকাল রাজধানীর একটি হোটেলে এক সভায় এ তথ্য জানান বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশিদ। ‘তৈরি পোশাক শ্রমিকদের ডিজিটাল বেতন ব্যবস্থাপনা : অভিজ্ঞতা ও প্রাপ্তি’ শীর্ষক ঐ আলোচনাসভায় তিনি বলেন, শিগিগরই ছোট ছোট দোকান থেকে শুরু করে সব ধরনের পেমেন্টে বড় পরিবর্তন আসবে। এ সময় জানানো হয়, বিকাশের গ্রাহকরা সিটি ব্যাংকের মাধ্যমে জামানতবিহীন ঋণ পাবেন। বর্তমানে এর পাইলট প্রকল্প চলমান।

করোনা ভাইরাসের শুরুতে বিকাশের মাধ্যমে শ্রমিকদের বেতন পরিশোধের পেমেন্ট ব্যবস্থা চালু হয়। বেশির ভাগ কারখানায় এটি এখনো অব্যাহত রয়েছে। এ সময় অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইনামুল হক এবং এজে গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী প্রচলিত ব্যবস্থার চেয়ে বিকাশে বেতন পরিশোধে তাদের ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন, আগে ম্যানুয়ালি অর্থ পরিশোধে অনেক ঝামেলা ও ঝুঁকি ছিল। বিকাশের মাধ্যমে অর্থ পরিশোধে এ ঝামেলা আর নেই বললেই চলে। অবশ্য শুরুতে ১১ লাখ শ্রমিকের বেতন বিকাশে পরিশোধ হলেও বর্তমান তা সাড়ে ৭ লাখে নেমে এসেছে। আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউ এজ গ্রুপের এমডি আরিফ ইব্রাহিম, আমির সেলিম প্রমুখ।