বিনোদন রিপোর্ট
তারকাদের সাহিত্যচর্চার ক্ষেত্রে নিয়মিত হতে খুব কমই দেখা যায়। এ ক্ষেত্রে যারা প্রকৃত অর্থেই সাহিত্যপ্রেমী তারাই টিকে থাকেন। সেই নিয়মিত চর্চার ধারাবাহিকতায় এবার কবিতার বই নিয়ে পাঠকদের সামনে আসছেন আশনা হাবিব ভাবনা। কবিতার বইয়ের নাম ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না’। কবিতার বইটি বইমেলায় প্রকাশিত হবে পাঠক সমাবেশ থেকে। বইটিতে মোট ৫০টি কবিতা স্থান পেয়েছে।
আশনা হাবিব ভাবনা বলেন, ‘বইটিতে স্থান পাওয়া কবিতার মধ্যে ৩ বছর আগে লেখা যেমন আছে তেমনি এই সময়ের লেখাও আছে। আমি আসলে আমার অনুভূতিগুলো লিখতে চেয়েছি। আমার ভেতরের অনুভব, অনুভূতিগুলো শব্দে ধরতে চেয়েছি। প্রতিটি অনুভূতির এক একটি গল্প রয়েছে। সেই গল্পগুলোই কবিতায় তুলে এনেছি। আমি এইগুলো নিয়ে আমার অনুভূতি জাতীয় কিছু দিতে চেয়েছিলাম। কিন্তু প্রকাশক বিজু ভাই এইগুলোকে কবিতা হিসেবে দেখছেন। প্রথম কবিতার বই নিয়ে আমার ভেতরে একটা উত্তেজনা কাজ করছে।’
এর আগে আশনা হাবিব ভাবনার লেখা ‘গুলনেহার’, ‘তারা’ নামে দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে। এই বইমেলায়ও তার ‘গোলাপী জমিন’ নামে নতুন একটি উপন্যাস প্রকাশিত হবে।