আমি পারিশ্রমিক নিয়ে খুশি

 বিনোদন ডেস্ক

 

বলিউড তারকা কিয়ারা আদভানি নতুন তারকাদের ভেতরে বেশ আলোচনায় রয়েছেন। এরইমধ্যে নিজের যোগ্যতায় বেশকিছু সিনেমাতে অভিনয় করেছেন তিনি। শুধু নতুন নয়, অনেক জনপ্রিয় তারকার সঙ্গেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে কিয়ারা তার নতুন সিনেমা ‘ভুল বুলাইয়া টু’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাত্কারে সিনেমায় নিজের যাত্রা ও জনপ্রিয় তারকাদের সঙ্গে কাজ নিয়ে কিয়ারা নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, ‘জনপ্রিয় তারকাদের সঙ্গে কাজ করলে অনেককিছু শেখা যায়। কাজের ক্ষেত্রে নতুনমাত্রা যুক্ত হয়। আমার সৌভাগ্য যে তারা আমাকে খুব ভালোবেসে গ্রহণ করেছেন। আর আমি সিনিয়র-জুনিয়র বিষয়টি নিয়ে ভাবি না। সবাইকে নিজের সেরাটা দিয়েই অভিনয় করতে হবে। এটাই আমার কাজের ক্ষেত্রে মুখ্য বলে মনে হয়।’

বরাবরই ইন্ডাস্ট্রিগুলোতে অভিযোগ থাকে নতুনদের কাজের পারিশ্রমিকও অনেক কম দেওয়া হয়। সেক্ষেত্রে একজন বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর সঙ্গে একই স্ক্রিন শেয়ার করতে কেমন লাগে? এমন প্রশ্নে কিয়ারা বলেন, ‘অন্যরা কী করছে, কত টাকা পারিশ্রমিক পাচ্ছে সেটা নিয়ে ভাবতে চাই না। আমি পারিশ্রমিক নিয়ে অনেক খুশি। আমি মনে করি অনেক মাধ্যম তৈরি হওয়া অভিনেত্রীদের জন্য অনেক বড় সুযোগ।  এটাই উপযুক্ত সময় নিজেকে ভালো সিনেমার মাধ্যমে প্রকাশ করার। তবে হ্যাঁ, এই বিষয়টি আমাকে কাজে আরো মনোযোগী করে তুলছে এবং ভালো অভিনয়ে আত্মবিশ্বাস জোগাচ্ছে। আশা করছি শিগগিরই সকলের ভরসার জায়গায় পৌঁছাতে পারবো।’