বিধবার সম্পত্তি দখলের চেষ্টা

সবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ইত্তেফাক রিপোর্ট

খিলগাঁও বনশ্রী এলাকায় এক বিধবা ও তার সন্তানদের উচ্ছেদের পাঁয়তারা করছে একটি সন্ত্রাসী চক্র। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঐ সন্ত্রাসী চক্র বিধবার সম্পত্তিতে জোরপূর্বক নির্মাণকাজও চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে বিধবা মাসুদা আবেদীন এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামীর ক্রয়কৃত জমিতে আমি ও সন্তানদের নিয়ে বসবাস করে আসছি। কিছুদিন আগে কয়েক জন চিহ্নিত ভূমিদস্যু জালিয়াতির মাধ্যমে একটি ভুয়া দলিল তৈরি করেছে। আর ঐ ভুয়া দলিলের মাধ্যমে এই সম্পত্তির মালিক বলে দাবি করে এটি দখলের চেষ্টা করছে। সংঘবদ্ধ এই প্রতারকচক্রটি কতিপয় পুলিশের সহযোগিতায় আমাকে ও আমার পরিবারকে নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। এ অবস্থায় বিধবা মাসুদা আবেদীন তার স্বামীর ক্রয়কৃত সম্পত্তি রক্ষা ও পরিবারের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।